প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকনের ইন্তেকাল

জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
নির্বাচনী কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭) ইন্তেকাল করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোকে তিনি মারা যান বলে জানা গেছে।
আব্দুল্লাহ আল মামুন খোকন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাবা মরহুম বাবর আলী। উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল্লাহ আল মামুন খোকন উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচার কার্যক্রমের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যু দল ও পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, যা কখনও পূরণ হওয়ার নয়।
শোক প্রকাশ করে তিনি আরও বলেন, আব্দুল্লাহ আল মামুন খোকন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। গত রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি আমার সঙ্গে থেকে নির্বাচনী কাজে সক্রিয়ভাবে অংশ নেন।
আমি ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় মোকাবিলার শক্তি দান করেন।
এদিকে আব্দুল্লাহ আল মামুন খোকনের মৃত্যুর খবরে ঈশ্বরগঞ্জ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা দত্তপাড়া গ্রামের মরহুমের বাড়িতে ভিড় জমান। এতে অশ্রুসজল চোখে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়।
© দৈনিক চেতনার কন্ঠ